মুফতি সাহেব! একজন ব্যক্তি ইন্তেকাল করেছেন। ইন্তেকালের সময় ওয়ারিশ হিসেবে চার ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। আর মা-বাবা ও স্ত্রী মৃত ব্যক্তির জীবদ্দশায় ইন্তেকাল করেছেন । এখন জানার বিষয় হচ্ছে শরীয়ত মুতাবেক কে কতটুকু অংশ পবে? উল্লেখ্য, মৃত ব্যক্তির কাফন-দাফন, ঋণ ও অসিয়ত পূর্ণ করার পর ওয়ারিশদের মাঝে বণ্টনযোগ্য সম্পদ ২ কোটি টাকা।
মুফতি সাহেব গায়েব জানেন না। বরং প্রশ্নকারীর প্রশ্নের উপর ভিত্তি করে ফাতওয়া দিয়ে থাকেন। কাজেই প্রশ্নোল্লিখিত তথ্যগুলো সত্য-মিথ্যা হওয়ার দায়ভার প্রশ্নকারীর উপর বর্তাবে। এই সংক্ষিপ্ত ভূমিকাটি ভালোভাবে বুঝার পর কথা হলো এই যে সত্যিই যদি মৃত ব্যক্তির জীবদ্দশায় তার মা-বাবা ও স্ত্রী ইন্তেকাল করে থাকেন এবং চার ছেলে ও তিন মেয়ে ব্যতীত অন্য কোন ওয়ারিশ না থাকে। আর মৃত ব্যক্তির কাফন-দাফন, ঋণ ও অসিয়ত পূর্ণ করার পর ওয়ারিশদের মাঝে বণ্টনযোগ্য সম্পদ ২ কোটি টাকা অবশিষ্ট থেকে থাকে; তাহলে শরীয়তের মূলনীতি অনুযায়ী ২ কোটি টাকা থেকে প্রত্যেক ছেলেকে ছত্রিশ লক্ষ ছত্রিশ হাজার তিনশত তেষট্টি দশমিক ছয়শত ছত্রিশ (৩৬,৩৬,৩৬৩.৬৩৬) টাকা করে দেওয়া হবে। আর প্রত্যেক মেয়েকে আঠারো লক্ষ আঠারো হাজার একশত একাশি দশমিক আটশত আঠারো (১৮,১৮,১৮১.৮১৮) টাকা করে দেওয়া হবে।